ব্যুরো চীফ, বরিশাল:
প্রকল্পের উদ্বোধন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পথে হঠাৎই রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করে ক্লাস নিলেন তিনি।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে। এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন ইউএনও রিফাত আরা মৌরি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিল। হঠাৎই বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি।

তিনি সরাসরি ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পাঠদান করান। এরপর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিদ্যালয়ের সমস্যাগুলো শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, “স্বল্প সময়ের জন্য ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের পড়াশোনা করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।”

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, “মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








