সাভারের আমিনবাজারে অবস্থিত পাওয়ার গ্রিডে আজ মঙ্গলবার সকালে আগুন লেগেছে। সকাল প্রায় সোয়া সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরবর্তী সময়ে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








