রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের নিষেধাজন শেষে আগামী ৩ আগস্ট থেকে মাছ ধরা আবার শুরু হচ্ছে। চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল, যাতে মাছের প্রাকৃতিক প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষম বৃদ্ধি নিশ্চিত করা যায়।
সোমবার (২৯ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজহারুল ইসলাম মুকুল, সদর ইউএনও রিফাত আসমা, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ, বিএফডিসি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের উপব্যবস্থাপক মাসুদ আলম, জেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাহফুজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিবছর এই নিষেধাজ্ঞা কার্যকরে সরকার রাঙামাটির আটটি ও খাগড়াছড়ির দুইটি উপজেলার হ্রদনির্ভর প্রায় ২৭ হাজার জেলে পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল বিতরণ করে। এছাড়া মা মাছ রক্ষায় নৌ-পুলিশ ও বিএফডিসির সদস্যরা হ্রদে নিয়মিত টহল দেন।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর মাছ শিকারে ফিরতে পারবে হ্রদনির্ভর জেলে পরিবারগুলো, যা তাদের জীবিকায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।








