,

গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকে স্মরণ করে নির্মিতব্য স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

সোমবার (১৪ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় এবং জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমাদের তারুণ্যই সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “এই স্মৃতিস্তম্ভ শুধু অতীতকে স্মরণ নয়, আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক চিরন্তন প্রতীক হয়ে থাকবে।”

অনুষ্ঠানে গোপালগঞ্জে মাসব্যাপী জুলাই স্মরণে গৃহীত নানা কর্মসূচির কথা তুলে ধরেন জেলা প্রশাসক এবং তা সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, যিনি জানান, নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ ও আশপাশের এলাকা নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গোপালগঞ্জ পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, এলজিইডি, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এনএসআই ও আনসারের প্রতিনিধিরা, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জে নির্মিতব্য এই স্মৃতিস্তম্ভ শহীদদের আত্মত্যাগের স্মারক হিসেবে শুধু অতীতকে নয়, ভবিষ্যতকে সাহস ও চেতনায় আলোকিত করবে—এমনটাই প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ