কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই/২০২৫ মাসিক সভা। রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতায়’ এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
সভায় জেলা প্রশাসক বলেন, গোপালগঞ্জে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পৌরসভার অনুমোদিত ইজারাদার ছাড়া অন্য কেউ টোল আদায়ে সম্পৃক্ত হতে পারবে না। ইজিবাইক ও মাহেন্দ্র যানবাহনের ডান পাশে বাধা স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়। একইসাথে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সড়কে অবৈধ নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন গাড়ি চালানো, হাইড্রোলিক হর্ন ব্যবহারসহ বিভিন্ন অপরাধ দমন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ড্রেজার ও ভেকু মেশিনের মাধ্যমে বালু উত্তোলন ও কৃষি জমির শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, চাঁদাবাজিকে কেন্দ্র করে সারা দেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গোপালগঞ্জেও কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, সে যেই দলের হোক না কেন। ইতোমধ্যে একজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে নজরদারি চলছে। কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তর থেকেও এ বিষয়ে কঠোর নির্দেশনা এসেছে।
পুলিশ সুপার মসজিদ ও মন্দিরে সাম্প্রতিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কোটালীপাড়ার একটি মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মন্দিরগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো অথবা পাহারাদার নিয়োগের পরামর্শও দেন তিনি। এছাড়া, অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের প্রেমঘটিত কারণে বাড়ি থেকে পালানো এবং পরকীয়াজনিত সামাজিক অবক্ষয়ের বিষয়টিকেও তিনি গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করেন। সকলকে আইন নিজের হাতে না তুলে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অ.দা.) মোঃ গোলাম কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন:
- অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল জেড এম মাবরুকুল ইসলাম
- মেজর ইমরান
- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ
- এনএসআই-এর উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম
- র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক
- জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক
- জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস
- জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী
- সদর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার ইউএনওগণ
- জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান
- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান
- গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান
- প্রেসক্লাব সভাপতি মোঃ জুবায়ের হোসেন
- সরকারি কলেজ, রামদিয়া কৃষ্ণ কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি
- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সরদার নুরুল ইসলাম
- মুক্তিযোদ্ধা প্রতিনিধি শরীফ রফিকুজ্জামান
- রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ
- গণমাধ্যমকর্মী এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ।








