রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বুইশ্যা গ্রুপের ১১ সদস্য গ্রেফতার: পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

শাওন বনিক, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় ‘অধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় আলোচিত বুইশ্যা ডাকাত দলের ১১ সদস্যকে র‍্যাব-৭ ও সিএমপির যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক, পুলিশ বাহিনীর লুট হওয়া অস্ত্রের গোলাবারুদ ও টর্চার সেলে ব্যবহৃত সরঞ্জামাদি।

গত ২১ জুলাই ২০২৫ তারিখে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন খতিবেরহাট এলাকায় আধিপত্য নিয়ে দুটি সন্ত্রাসী দলের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক উদ্বেগ দেখা দিলে, র‍্যাব-৭ তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন দিগন্ত খাজা টাওয়ারে বুইশ্যা গ্রুপের একাধিক সদস্য অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৭ এবং সিএমপি’র একটি যৌথ দল একই দিন রাত ১১টার দিকে (২৩০৫ ঘটিকা) সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হন—
১. মো. বুরহান উদ্দিন (৩০),
২. মো. মারুফ (১৮),
৩. মো. আল-আমিন (২৫),
৪. মো. মিজানুর রহমান (৩২),
৫. মো. রোকন উদ্দিন (২৯),
৬. মো. আলী আহমদ সোহান (১৮),
৭. শান্ত মজুমদার (২০),
৮. মো. অন্তর (২২),
৯. রিবো পাল (২১),
১০. মো. রাহাত (১৮) এবং
১১. মো. ফরহাদ (২৪)।

গ্রেফতারকৃতদের সবাই চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বহদ্দারহাটের একটি ফ্ল্যাটে অবস্থানকালীন সময়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র, মাদক, বিস্ফোরক এবং পুলিশের কাছ থেকে আগেই লুট হওয়া সরঞ্জামাদি।

র‍্যাবের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

পরবর্তীতে তাদেরকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব-৭ ও সিএমপির যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ