গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে.কে.এম.বি. মল্লিক উচ্চ বিদ্যালয়ের নিহত নৈশ প্রহরী গৌতম গাইন (৩৫)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুল হামিদ।
রোববার (১৩ জুলাই) সকালে শতাধিক দলীয় নেতাকর্মীসহ তিনি গৌতম গাইনের বাড়িতে যান। সেখানে নিহতের স্ত্রী মিলি বৈরাগী, মেয়ে সাগত গাইন ও ছেলে অনন্ত গাইনের সঙ্গে দেখা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আইনি সহায়তার আশ্বাস দেন।
মাওলানা হামিদ বলেন, “দেশে যেন আর কোনো সন্তানকে পিতাহারা হতে না হয়। গৌতম গাইনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা পরিবারের পাশে থাকব এবং আইনগতভাবে সর্বাত্মক সহায়তা করব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটবে না ইনশাআল্লাহ।”
সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা পুলিশের পাশাপাশি অনুসন্ধান চালিয়ে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তা জনগণের সামনে তুলে ধরুন।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল-মাসুদ খান, জলিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ননীক্ষীর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান, রাসেল শেখসহ জামায়াতের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, গৌতম গাইন গত ৯ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে বিদ্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় নিখোঁজ হন। পরদিন ১২ জুলাই দুপুরে মাদারীপুর-গোপালগঞ্জ বিল রুট ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।








