নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত মাইক্রোবাসের চালক রুবেল হোসেনের (৩২) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। বাকি হতাহতরা সবাই একই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানিয়েছে বনপাড়া হাইওয়ে থানা।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মেহেরপুর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন, যাদের মধ্যে চালক রুবেল হোসেনও ছিলেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, মাইক্রোবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। নিহতদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহত ও আহতরা সবাই মাইক্রোবাসে ছিলেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।








