চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ অবশেষে চাক্তাই খালে ভেসে উঠেছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ খালে ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে চাক্তাই খালের চামড়াগুদাম এলাকায় কয়েকজন যুবক শিশুটির মরদেহ ভাসতে দেখেন এবং তা পাড়ে তুলে আনেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি আইন অনুযায়ী শিশুটির পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়।
এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার নবাব হোটেলের পাশে হিজরা খালের একটি নালায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা পড়ে যায়। অটোরিকশায় থাকা শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে উদ্ধার করা সম্ভব হলেও শিশুটি তখন থেকেই নিখোঁজ ছিল।








