রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় আলেম, হাফেজ ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব

মো. ফজলুল হক, পাবনা প্রতিনিধি:

পাবনা সদর পৌরসভার পুরাতন বাঁশবাজার এলাকার হাফিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন—মৌসুমি ফল উৎসব। ১৩ জুলাই (রবিবার) বিকেলে আয়োজিত এই উৎসবে অংশ নেন পাঁচ শতাধিক এতিম ও হাফেজ শিক্ষার্থী, শতাধিক শিক্ষক এবং অভিভাবক।

পাবনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহমুদন্নবী স্বপনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে পরিবেশিত হয় আম ও কাঁঠালের মতো মৌসুমি রসালো ফল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অর্থাভাবে যারা পছন্দের ফল খেতে পারে না, বিশেষ করে মাদরাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতেই এমন আয়োজন বলে জানান আয়োজক।

অর্ধশতাধিক টেবিলে সাজিয়ে পরিবেশন করা হয় আম্রপালি, ফজলি ও হাড়িভাঙা প্রজাতির প্রায় ৩০ মন আম এবং ২০টি পাকা কাঁঠাল। ফল পরিবেশন করা হয় বড় বড় পাত্রে, যাতে সবাই পরিতৃপ্তি নিয়ে খেতে পারেন। একসঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বসে উপভোগ করেন এই ভিন্নধর্মী আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদরাসা দারুল হাদীসের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান আযহারী, পুরাতন বাঁশবাজার কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মো. ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সদস্য সেলিম আহম্মেদ, সাবেক থানা বিএনপির যুগ্ম সম্পাদক শিবলী তালুকদার, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আকাশ, সাংবাদিক এস এম আদনানসহ স্থানীয় মুসল্লিরা।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের শান্তি কামনা করা হয়। একই সঙ্গে অতীতের আন্দোলনে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়।

এই ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত হয় মাদরাসার শিশুরা ও স্থানীয় মুসল্লিরা। অনেকেই মনে করছেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ