মো. ফজলুল হক, জেলা প্রতিনিধি:
পাবনা থেকে ঢাকায় সরাসরি এক্সপ্রেস ট্রেন চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, পাবনা শহরে চার লেন সড়ক নির্মাণ এবং আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’-এর ব্যানারে হাজারো মানুষ।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে শহরের শহীদ চত্বরে শুরু হয়ে আব্দুল হামিদ সড়কজুড়ে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি এক প্রতিবাদে রূপ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনার রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে বারবার বঞ্চিত হচ্ছে এ জেলার মানুষ। মাঝপাড়া পর্যন্ত সীমিত রেল লাইন চালু করেও সেটিকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে না। দ্রুত তা ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনে রূপান্তর করে সহজ যোগাযোগের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরও বলেন, কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে এখনকার দুই ঘণ্টার নৌযাত্রা মাত্র ১৫ মিনিটে সম্ভব হবে। একইভাবে ঈশ্বরদী ইপিজেড এবং রূপপুর প্রকল্পের গুরুত্ব বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর চালু করারও জোর দাবি জানান তারা।
পাবনা শহরে যানজট নিরসনে চার লেন সড়ক নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, আটঘরিয়া হয়ে মাঝপাড়া ঘুরে ৩০ কিলোমিটার ঘুরপথে ঢাকায় ট্রেন চালানোর পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অব্যবস্থা চলতে থাকলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
শুধু ট্রেন নয়, নতুন যমুনা সেতু নগরবাড়ি-আরিচা দিয়ে নির্মাণের দাবিও উঠে আসে মানববন্ধনে। বক্তারা বলেন, এটি হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে।
ইছামতী নদী খনন প্রকল্প বাস্তবায়নের পথে মামলা ও বাধা দূর করে দ্রুত কাজ সম্পন্নের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। এতে পাবনা শহরের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে বলেও মত দেন বক্তারা।
এছাড়া পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিকায়ন, মানসিক হাসপাতালের সংস্কার, এবং শহীদ চত্বরে নিহত দুই শিক্ষার্থীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে এবং আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিক্ষক সাইদুল ইসলাম, মাহফুজুর রহমান, আব্দুল আলিম, অ্যাডভোকেট রানা, রোটারিয়ান বিনয় জ্যোতি কুন্ডু, সিরাজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, ব্যবসায়ী প্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ। বক্তারা স্পষ্ট করে বলেন, ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে যেকোনো মূল্যে পদক্ষেপ নিতে হবে, না হলে আগামীতে এই আন্দোলন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।








