শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে শরণখোলায় মালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি মালামালের গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ জুলাই) গভীর রাতে আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গোডাউনের মালিক মো. রমজান হাওলাদার।

জানা যায়, ডিলার হিসেবে মো. রমজান হাওলাদারের গোডাউনে সিটি গ্রুপ, ডেনিয়েল কোম্পানি, মোল্লা ফুড, শরীফ সল্ট, ইউনিসান, এপেক্স ল্যাবরেটরিজ, সোলার স্যালাইন ও বাওমা কয়েলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মুদি ও মনোহারী পণ্য মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোডাউনের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রমজান হাওলাদার বলেন, “আমি আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে চার বছর আগে ডিলারশিপ নিয়ে এই ব্যবসা শুরু করি। আজ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব, কীভাবে দেনা পরিশোধ করব বা সংসার চালাব, কিছুই বুঝতে পারছি না।”

নলবুনিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার বলেন, “ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসি এবং ফায়ার সার্ভিসে খবর দেই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। আমরা বাজার কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য আহ্বান জানাব।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে গোডাউনের অন্তত ৭-৮ জন কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও জানান, ধার-দেনা করে শুরু করা ব্যবসা রমজান হাওলাদারের জন্য একেবারে শেষ হয়ে গেছে। তাঁরা কোম্পানিগুলোর উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

গোডাউনের মালিক মো. রমজান হাওলাদার বলেন, “যদি কোম্পানিগুলোর পক্ষ থেকে সাহায্য পাই, তবে আবারও ঘুরে দাঁড়াতে পারব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ