নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীতে একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে সিও বাজার এলাকার সিও এলপিজি গ্যাস পাম্পে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং উদ্ধার ও নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাম্পটিতে মেরামতের কাজ চলছিল। ট্যাংকে গ্যাস লিকেজ পরীক্ষা চলাকালীন হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই পাম্পটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আগুন ধরে যায় পার্ক করে রাখা অন্তত তিনটি গাড়িতে। আশপাশের দোকানপাট, বাড়িঘর ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের তীব্রতায় চারপাশে ছিটকে পড়ে ট্যাংক ও যন্ত্রাংশ। এতে কমপক্ষে ১৫-২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস এবং দুইটি চলন্ত বাস।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মেরামতের সময় গ্যাস ট্যাংকে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এই বিস্ফোরণ ঘটে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, ট্যাংকে লিকেজ থাকায় চাপ বেড়ে বিস্ফোরণ ঘটে। এতে পাম্পে থাকা কয়েকটি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং আশপাশের ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী একজন পুরুষ হাসপাতালে মারা গেছেন। তবে তাঁর নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।








