রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন।
রোববার (২০ জুলাই) দুপুর ১২টায় নগরীর সাতমাথা রেল গেট এলাকায় তারা রংপুর সিটি কর্পোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা নামাজ আদায় করেন। এতে অংশ নেন স্থানীয় তরুণরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক ও মাহিম। গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলাম।
বিক্ষোভে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা জানান, দিনের পর দিন এই সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অথচ কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়।
এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, “সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক বর্তমানে ভেঙে গেছে। এর সংস্কারের জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র সংস্কার কাজ শুরু করা হবে।”
এদিকে, এলাকাবাসীর এমন প্রতীকী প্রতিবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।








