কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজ এসএসসি-২০২৫ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানের এই ঈর্ষণীয় অর্জনের জন্য জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।
অনুষ্ঠানে রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী শিক্ষায় পথপ্রদর্শক হিসেবে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি জেলার সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান লাভ করেছিলো প্রতিষ্ঠানটি।
চলতি বছর এসএসসি পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে সবাই উত্তীর্ণ হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন, ‘এ’ পেয়েছে ২০ জন, ‘এ-মাইনাস’ ১৪ জন, ‘বি’ পেয়েছে ৫ জন এবং ‘সি’ পেয়েছে ২ জন শিক্ষার্থী।
এই চমৎকার ফলাফল শুধু সংখ্যার হিসেব নয়, বরং এটি রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের এক দীর্ঘমেয়াদী শিক্ষাগত সফলতারই দীপ্ত প্রতিফলন।








