সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন গড়গোবিন্দপুর গ্রামের মৃত বুজরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৯) ও বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে লিটন মিয়া (৪০)।
ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার দিন সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে অভিযুক্তদের সঙ্গে দেখা হলে তারা বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বড় মৌশা বাজারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
পরে তিনি বিষয়টি পরিবারকে জানালে সোমবার সকালে সখীপুর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “গণধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিকেও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”








