ব্যুরো চীফ, বরিশাল :
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বৃহস্পতিবার রাতে বিএমএসএফ-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় জানানো হয়, এর আগের দিন গাজীপুরে থানার সামনেই বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে দুষ্কৃতিকারীরা। আর তার পরদিনই নির্মমভাবে জবাই করে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে।
বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, “এই ঘটনায় রাষ্ট্রযন্ত্রের নীরবতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাই প্রমাণ করে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে রয়েছে।”
তিনি অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যা মামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।
বিএমএসএফ-এর পক্ষ থেকে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে। সংগঠনটি সাংবাদিক নিরাপত্তায় রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে।








