ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, ওয়ান ইলেভেনের সময় যারা জিয়াউর রহমান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দলের দুঃসময়ে যারা বেঈমানি করেছে—সেই সব ষড়যন্ত্রকারী ও বেঈমানদের মনোনয়ন কোন ভাবেই মেনে নেবেন না দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, বিএনপির একটি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় বরিশাল-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সঙ্গে বিএনপির ত্যাগী কোন নেতাকর্মীর সম্পর্ক নেই।
এখানে বিএনপির আরও মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা রয়েছেন। যার নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে তাকে বাদ দিয়ে অন্যসব ত্যাগী নেতাদের মধ্যে থেকে যেকোনো একজনকে মনোনয়ন প্রদান করা হলে কোনো বিতর্ক থাকবে না।
এসময় জনসভাস্থলে উপস্থিত হাজারো নারী-পুরুষ ক্লিন ইমেজের নেতা হিসেবে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বিএনপির মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নীতিনির্ধারকদের কাছে জোর দাবি করেন।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান—তারা আর রামশীলে পালিয়ে যেতে চান না এবং বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের ছেলে রুবাইয়াত সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, বিএনপি নেতা নজরুল ইসলাম, নবীন বাড়ৈসহ অন্যান্যরা।
বক্তারা অনতিবিলম্বে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুমকি দেন।
অনুষ্ঠিত জনসভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।








