ব্যুরো চীফ, বরিশাল:
হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য লিপিকা বালা (৫০) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ হাতুড়ে চিকিৎসক কিরন চন্দ্র বাড়ৈকে গ্রেপ্তার করেছে।
মৃত লিপিকা বালা উপজেলার কান্দিরপাড় গ্রামের মৃত সুনিল চন্দ্র বালার স্ত্রী। এ ঘটনায় তার ছেলে স্কুল শিক্ষক সঞ্জিব বালা বাদী হয়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ রবিবার (২৫ আগস্ট) বিকেলে কিরন চন্দ্র বাড়ৈকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। একইসঙ্গে লিপিকা বালার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সঞ্জিব বালা অভিযোগ করে বলেন, তার মা শনিবার (২৩ আগস্ট) থেকে ডায়রিয়া ও হালকা জ্বরে ভুগছিলেন। রবিবার (২৪ আগস্ট) সকালে হঠাৎ গ্যাস্ট্রিকের সমস্যায় পড়লে তিনি স্থানীয় গ্রাম্য চিকিৎসক কিরন চন্দ্র বাড়ৈকে ডাকেন। চিকিৎসক এসে তার মায়ের শরীরে স্যালাইন ও এন্টিবায়োটিক ইনজেকশন প্রয়োগ করার তিন মিনিটের মধ্যেই লিপিকা বালা মারা যান।
তিনি আরও অভিযোগ করেন, কিরন চন্দ্র বাড়ৈর অপচিকিৎসার কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তারা এতে রাজি হননি এবং পুলিশের কাছে খবর দেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে।
থানা হাজতে বসে কিরন চন্দ্র বাড়ৈ রোগীকে স্যালাইন দেওয়ার কথা স্বীকার করলেও এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।








