শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে : রহমাতুল্লাহ

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করা সাংবিধানিক অধিকার হলেও সে দায়িত্ব এখনো নিশ্চিত হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতকরণসহ দেশ বহু দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চিকিৎসা সেবা খাতকে দলীয় বিবেচনায় লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর কাশিপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বি.টা.সি. মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৃথক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, সাধারণ মানুষের চিকিৎসার নামে সরঞ্জামাদি ক্রয় না করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠনের সুযোগ পেলে স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা হবে। যেসব মানুষ অর্থাভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের জন্য রাষ্ট্রীয় খরচে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

শরীরচর্চা ও খেলাধুলাকে দলীয়করণের মাধ্যমে পিছিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে রহমাতুল্লাহ বলেন, শেখ হাসিনার আমলে দলীয় বিবেচনায় খেলাধুলার ব্যবস্থাপনা করার কারণে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সরকারি ক্রীড়া প্রতিষ্ঠানগুলো ছাত্রলীগ-যুবলীগের অপকর্মের আস্তানায় পরিণত হয়েছিল।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের দলীয় বিবেচনায় সুযোগ দেওয়ার কারণে বহু মেধাবী খেলোয়াড় বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে যুবসমাজকে প্রকৃত শরীরচর্চায় উৎসাহিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম কিবরিয়া মুন্নার সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জাহিদুল রহমান রিপন, সাবেক কাউন্সিলর কাজী শহিদুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি সজল কাজী, মহানগর ছাত্রদলের সহসভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

অপরদিকে, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গণির সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ