ব্যুরো চীফ, বরিশাল
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) আবাসন সংকট নিরসনসহ ১২ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী এই কলেজের দীর্ঘদিনের সংকট দূর করে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ক্যাম্পাস ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়ের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক অর্নব রায়, কার্যকরী সদস্য কাজী মারজান, আসিফ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, সেশন ফি-এর পূর্ণাঙ্গ রশিদে যে টাকার অঙ্ক দেখা যাচ্ছে তার স্বচ্ছতা নেই। পরিবহন খাতের জন্য প্রতিবছর শিক্ষার্থীদের থেকে যে টাকা নেওয়া হয়, তা দিয়ে প্রতিবছর নতুন বাস কেনা সম্ভব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মাত্র তিনটি রুটে সীমিত সংখ্যক বাসে শিক্ষার্থীরা গাদাগাদি করে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। দীর্ঘদিন ধরে কলেজ অডিটোরিয়াম বন্ধ রয়েছে এবং চিকিৎসকের সাইনবোর্ড থাকলেও কোনো চিকিৎসক নিয়মিত বসছেন না। লাইব্রেরিতে হাজারো বই অযত্নে নষ্ট হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বিগত প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার্থীদের হতাশ করেছে। অভ্যুত্থান-পরবর্তী সরকারও একই পথ অনুসরণ করছে। নতুন কলেজ প্রশাসনের কাছ থেকে আশা ছিল তারা সংবেদনশীলতার সঙ্গে সংকট সমাধানে এগিয়ে আসবেন। কিন্তু তেমনটি হয়নি। ফলে আগামী দিনে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো কঠোর আন্দোলনের মধ্য দিয়ে আদায় করে নিতে বাধ্য হবে।








