সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউএনও’র আশ্বাস : সরিয়ে নেওয়া হবে ময়লার ভাগাড়

ব্যুরো চীফ, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশবর্তী গৌরনদী উপজেলার নীলখোলা নামক এলাকা থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনলে তিনি এ আশ্বাস দেন।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের টরকী নীলখোলা সেতুর ঢালে প্রায় দুই শত ফুট জায়গাজুড়ে বাসাবাড়ির ময়লা-আবর্জনা, বাজারের বর্জ্য ও জবাইকৃত গবাদিপশুর মল ফেলে স্থানটিকে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। ময়লাগুলো যত্রতত্রভাবে রাখার কারণে মহাসড়কের কার্পেটিং সড়কের প্রায় সাত ফুট জায়গা দখল হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা রানা দেওয়ান বলেন, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টরকী বন্দর ও পৌর এলাকার আশপাশের বর্জ্য মহাসড়কের পাশে ফেলে যাচ্ছে। এতে স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভাগাড় থেকে ছড়ানো গন্ধে মহাসড়কের পাশের মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হচ্ছে। এছাড়াও স্থানীয় বাসিন্দা, পথচারী ও ছোট যানবাহন চালকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

মহাসড়ক দিয়ে প্রতিদিন যাতায়তকারী ভ্যানচালক কাওছার হোসেন বলেন, কয়েক বছর ধরে পৌরসভার বর্জ্য স্থানটিতে যত্রতত্রভাবে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে নাক-মুখ চেপে আমাদের চলতে হচ্ছে। এর আগে বর্জ্যগুলো সরিয়ে নেওয়া হলেও পুনরায় ফেলা হচ্ছে। মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, ময়লার ভাগাড় জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর প্রভাবে শ্বাসকষ্ট, চর্মরোগ ও সংক্রামক ব্যাধিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনগুরুত্বপূর্ণ এলাকা এড়িয়ে ময়লা ফেলা উচিত।

সদ্য যোগদানকারী গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, অতি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে। এছাড়াও পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ