ব্যুরো চীফ, বরিশাল
ডাকসুর ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও বাকশালীদের কবর রচনা হয়েছে। ভারতের মন্ত্রে এ দেশ চালানো স্বৈরাচারদের এ দেশে আর ঠাঁই হবে না। জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ইসলামী ছাত্রশিবির ববি শাখার আয়োজনে “এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প ২০২৫”-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর হাসিনার আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনে-দুপুরে হত্যা করেছিল। বর্তমানে একটি দল চাঁদাবাজি, টেন্ডারবাজি করে বেড়াচ্ছে। জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।

ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। কোরআন-সুন্নাহ অনুযায়ী নিজের চরিত্র গঠন করতে শেখায় সংগঠনটি। গত ১৬ বছর হাসিনা আমাদের ট্যাগিং ও ফ্রেমিং করে শিক্ষার্থীদের থেকে দূরে রেখেছে, এমনকি হত্যার বৈধতা দেওয়া হয়েছিল।
ছাত্রশিবিরের ববি শাখার সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করা হয়।








