বুরো চিফ, বরিশাল:
ইলিশের জন্য খ্যাত বরিশালে এবার মিলছে না সেই স্বাদ। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই নদ-নদীতে। ফলে বাজারে সরবরাহ কম, দাম পৌঁছেছে আকাশছোঁয়া উচ্চতায়।
শনিবার (২ আগস্ট) বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ বাজারে আমদানি ছিল খুবই কম। জেলেরা প্রতিদিন নদীতে নেমে খালি হাতে ফিরছেন। বিক্রেতারা জানাচ্ছেন, সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে কয়েকগুণ।
এ অবস্থায় ইলিশ এখন শুধু উচ্চবিত্তের খাবারে পরিণত হয়েছে। মধ্যবিত্ত তো বটেই, নিম্নবিত্তদের পক্ষে ইলিশ কেনা একপ্রকার অসম্ভব।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকায়। দেড় কেজি ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ২ হাজার ৮০০ টাকা। সাতশ’ থেকে নয়শ’ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ১০০ টাকা, পাঁচশ’ থেকে ছয়শ’ গ্রামের ইলিশ ১ হাজার ৬০০ টাকা এবং চারশ’ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
ইলিশের এই অস্বাভাবিক দামের প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারেও।
শনিবার বরিশালে অন্যান্য মাছের দাম ছিল এমন:
- রূপচাঁদা: প্রতি কেজি ১,৩৫০ টাকা
- চাষের কৈ: ২২০ টাকা
- পাবদা: ৩২০ টাকা
- লৈট্টা: ১৫০ টাকা
- ঢেলা: ৫০০ টাকা
- চেলা: ২৮০ টাকা
- পাঙাস: ২১০ টাকা
- তেলাপিয়া: ২০০–৩০০ টাকা
- বাগদা চিংড়ি: ৯০০ টাকা
জেলেরা বলছেন, এমন অবস্থা আগে কখনও দেখা যায়নি। ইলিশের অনুপস্থিতিতে নৌকায় শুধু হতাশা নিয়েই ফিরতে হচ্ছে ঘরে।








