,

ইলিশ উৎপাদন কমলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে : ফরিদা আক্তার

ব্যুরো চীফ, বরিশাল:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ইলিশের উৎপাদন একদিকে কমছে, এতে প্রাকৃতিক কারণও জড়িত। নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে, মেঘনা নদীর অববাহিকায় দূষণের মাত্রা বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে পর্যাপ্ত বৃষ্টি না হলে ইলিশ মাছ ডিম পাড়তে পারে না। পাশাপাশি নদী ভরাট ও দখলসহ তথাকথিত উন্নয়নকাজও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবেলায় সরকার কাজ করছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত “উপকূলীয় এলাকার মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা ও সাধন” শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইলিশ একটি অভিবাসী মাছ (মাইগ্রেটরি ফিশ)। এটি সমুদ্র থেকে নদীতে আসে এবং আবার সমুদ্রে ফিরে যায়। কিন্তু বর্তমানে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো জাটকা নিধন। কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালালেও এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। পাশাপাশি অবৈধ জালের ব্যবহারও ইলিশের প্রাপ্যতা কমাচ্ছে। তবে এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও জানান, শিগগিরই ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নদী থেকে মাছ ধরে হাতবদলের সিন্ডিকেট বন্ধ করার পরিকল্পনা নেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বাজার থেকে মাছ কিনতে পারবে এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসবে।

উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি দ্রুত সংকুচিত হচ্ছে। গবেষণায় দেখা গেছে এর পেছনে রয়েছে বাড়িঘর নির্মাণ, অবকাঠামো তৈরি এমনকি বিশ্ববিদ্যালয় স্থাপনও। অথচ গরু, ছাগল ও মহিষ পালন দেশের খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি। পরিকল্পনাহীন উন্নয়নের কারণে মহিষের মতো গুরুত্বপূর্ণ সম্পদ ক্ষতির মুখে পড়ছে। তবে সঠিক নীতি ও ব্যবস্থা নিলে এটি দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. ওমর ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ