বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উদ্বোধনের আগেই ৪০ লাখ টাকার কালভার্টে ফাটল

ব্যুরো চীফ, বরিশাল

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বক্স কালভার্টে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনার পর ফাটলের স্থানে বালু ও সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। এতে যেকোনো সময় কালভার্টটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনাটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালের ওপর নির্মিত কালভার্টের।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান জানান, গত ২ সেপ্টেম্বর নির্মিত কালভার্টের চারটি গাইড ওয়ালে ফাটল ধরে হেলে পড়ে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বক্স কালভার্টটি নির্মাণ করা হয়।

তিনি আরও জানান, রাতের আঁধারে কালভার্টে ১৬ মিলিমিটার রডের জায়গায় ১২ মিলিমিটার রড ব্যবহার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে দিনে জনসম্মুখে কাজ করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পিয়ন দিয়ে কাজটি তদারকি করা হয়েছে। তাকে এলাকায় ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন মেসার্স সালেহা কবির এন্টারপ্রাইজের ঠিকাদার মো. মনির হোসেন।

এ বিষয়ে জানতে ঠিকাদার মো. মনির হোসেনকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেন বলেন, নির্মাণাধীন বক্স কালভার্টে ফাটলের বিষয়টি শুনেছি। এখনো কাজ হস্তান্তর হয়নি। ওই কাজের বিল এখনো ঠিকাদারকে পরিশোধ করা হয়নি। তিনি আরও বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, কালভার্টের গাইড ওয়ালে ফাটলের একটি ভিডিও পেয়েছি। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ