ব্যুরো চীফ, বরিশাল:
খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এক নারী উপকারভোগী ডিলারের নিযুক্ত ব্যক্তিকে জুতাপেটা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি এলাকার একটি চাল বিতরণ কেন্দ্রে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল থাকার কথা থাকলেও অনেক উপকারভোগী প্রতি বস্তায় তিন থেকে চার কেজি করে চাল কম পাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ সময় উপকারভোগী ফাতেমা বেগম নামের এক নারী নিজে ওজন মেপে দেখেন যে তার বস্তায় তিন কেজি চাল কম রয়েছে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ডিলারের নিযুক্ত ব্যক্তি মোক্তার হোসেনকে জুতাপেটা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন বলেন, “চাল যেন ওজনে কম না দেওয়া হয় সে বিষয়ে ডিলারকে আগে থেকেই সতর্ক করেছিলাম। তবে ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। বিষয়টি সত্যিই দুঃখজনক।”
অভিযুক্ত মোক্তার হোসেন জানান, “ডিলার শফিকুল ইসলাম আমাকে এক কেজি করে চাল কম দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আমি সেই অনুযায়ী কাজ করেছি। পরে এক সুবিধাভোগী নারী এ বিষয়টি টের পেয়ে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে আমাকে জুতাপেটা করেন।”
তবে ডিলার ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ওজনে কম দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমার নিযুক্ত লোকের ওপর হামলাটি অনাকাঙ্ক্ষিত।”
বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন বলেন, “ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”








