ব্যুরো চীফ, বরিশাল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, বিগত ওয়ান ইলেভেনের সময়ে বিএনপির সঙ্গে যারা বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করেছে, সেই ‘মীরজাফরদের’ ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আকন কুদ্দুসুর রহমান বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনো বেঈমান, বিশ্বাসঘাতক বা মোনাফেকের হাতে গৌরনদী ও আগৈলঝাড়াকে তুলে দিতে পারি না। মাদক, দখল ও চাঁদাবাজদের গডফাদারদেরও ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে।”
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এই নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তারেক রহমান শুধু একজন ব্যক্তি বা রাজনীতিবিদ নন; তিনি এক আদর্শ, এক গণজাগরণের প্রতীক। তার নেতৃত্বে দেশের মানুষ স্বপ্ন দেখছে একটি ন্যায়ের রাষ্ট্র ও গণতান্ত্রিক ভবিষ্যতের।”
সভায় প্রধান বক্তা ছিলেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম মনির-উজ জামান মনির। বিশেষ বক্তা ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মনজুর হোসেন মিলন।
গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন লাল্টু, তাইফুর রহমান কচি এবং গৌরনদী উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বেবি।
মো. হেয়ায়েত হোসেন এবং গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল গোমস্তার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা বদিউজ্জামান চলঞ্চ মাঝি, আকতার হোসেন বাবুল, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ গফুর, বিএনপি নেতা কাজী সরোয়ার, মাসুদ হাসান মিটু তালুকদার, জাকির হোসেন প্রমুখ।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।









