শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

ব্যুরো চীফ, বরিশাল

জরাজীর্ণ কাঠের সাঁকো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দারা। ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ সাঁকোর স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসলেও কোনো সুফল মেলেনি।

সরেজমিনে জানা গেছে, গৈলা ইউনিয়নের রাহুতপাড়া ও কাঠিরা দুই গ্রামসংলগ্ন খালের ওপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত কাঠের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছেন।

এই সাঁকো পার হয়েই কাঠিরা গ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রশান্ত রায়ের কাছে প্রায়ই রোগীসহ মিশন স্কুলের শিক্ষার্থী, শ্রীশ্রী হরি ঠাকুরের মন্দিরের ভক্ত এবং দশ গ্রামের বাসিন্দাদের চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ সাঁকোর আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো ব্রিজ নেই। যেকারণে ঝুঁকি নিয়েই কাঠের সাঁকো দিয়ে প্রতিনিয়ত শত শত গ্রামবাসীকে চলাচল করতে হচ্ছে।

সূত্রে আরও জানা গেছে, গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতিবছর কাঠের সাঁকোটি সংস্কার করা হয়। অথচ জনগুরুত্বপূর্ণ এ সাঁকোর স্থানে সরকারিভাবে একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোনো সুফল মেলেনি।

স্থানীয় বাসিন্দা ডা. প্রশান্ত রায় বলেন, সাঁকোটি প্রথম নির্মাণ করা হয় ২০০২ সালে। সেই থেকে অদ্যাবধি সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গ্রামবাসীরা একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসছেন। তিনি আরও বলেন, আমাদের এ অঞ্চল দীর্ঘ কয়েক বছর ধরে উন্নয়ন বঞ্চিত।

একই গ্রামের বাসিন্দা লিমন সরদার বলেন, একটি ব্রিজের অভাবে আমাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষিপণ্যের বাজারজাত ও শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটার পাশাপাশি গ্রামে কোনো গাড়ি প্রবেশ করতে না পারায় আমাদের গ্রামের কোনো ছেলে-মেয়েকে উচ্চ বংশে বিয়ে দেওয়া যাচ্ছে না।

ভুক্তভোগী এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ ওই এলাকায় একটি ব্রিজ কিংবা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, বিষয়টি আমার জানা ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাকে অবহিত করেননি। খুব শিগগিরই সরেজমিন পরিদর্শন করে যত দ্রুত সম্ভব ওই এলাকায় সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ