সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায়: প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক যুবক ও তার সহযোগীরা। আহত ওই প্রবাসীর স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গৌরনদী মডেল থানায় এনাম তালুকদারসহ আরও তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার দুই শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র ক্রয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে হঠাৎ করে এনাম তালুকদার তার গতিরোধ করে।

একপর্যায়ে এনাম ও তার ২/৩ জন সহযোগী তাকে (গৃহবধূ) টানাহেঁচড়া করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে এনাম ও তার সহযোগীরা তাকে মারধর করে ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।

ওই গৃহবধূ আরও বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে কর্মসূত্রে কাতারে রয়েছেন। এ সুযোগে দীর্ঘদিন ধরে এনাম তালুকদার তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা চালিয়ে শ্লীলতাহানি ও মারধর করা হয়েছে।

ওই গৃহবধূর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় একটি কুচক্রী মহলের প্ররোচনায় মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এ অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করছি।

প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ