শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কেউ চাঁদা চাইলে আমাকে ফোন দেবেন : ইঞ্জিনিয়ার সোবহান

ব্যুরো চিফ, বরিশাল:

“কেউ চাঁদা চাইলে সরাসরি আমাকে ফোনে জানাবেন। প্রয়োজনীয় স্বাক্ষ্য-প্রমাণ থাকলে আমি নিজেই বাদী হয়ে ওইসব চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ আমাদের নেতা তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে—চাঁদাবাজ, দখলবাজ, লুটতরাজ সৃষ্টিকারী কেউ বিএনপিতে থাকতে পারবে না।”

এমন বক্তব্য দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী, ‘ক্লিন ইমেজের প্রার্থী’ হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

তিনি আরও বলেন, “আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্যও কারও কাছ থেকে কোনো প্রকার চাঁদা গ্রহণ করা যাবে না। অতীতের মতো যাবতীয় খরচ আমি নিজেই বহন করব।”

২৬ আগস্ট দিবাগত রাতে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, “বিগত ওয়ান-ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময় দলের চরম দুর্দিনে আমি নিজ অর্থায়নে তৃণমূলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনাদের সুখ-দুঃখের কথা আমাকে জানাবেন, আমি যথাসাধ্য নিজ অর্থায়নে সমাধানের চেষ্টা করব। বিনিময়ে আপনারা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ শতভাগ পালন করবেন। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে গিয়ে ভোটারদের বোঝাবেন, তাদের মন জয় করবেন এবং তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন।”

তিনি স্মরণ করিয়ে দেন যে, নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে মাত্র সাত দিন গণসংযোগের সুযোগ পেয়েও তিনি প্রায় ৭৪ হাজার ভোট (মোট ভোটের প্রায় ৪২ শতাংশ) পেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন—শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়; বরং ইনসাফ ও উদারতা দিয়ে ভোটারদের মন জয় করতে হবে।”

দলীয় সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “পতিত সরকারের আমলে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছি। অসংখ্যবার হামলার শিকার হয়েছি, কারাভোগ করেছি, তবুও রাজপথ ছাড়িনি। কারণ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। শত নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হননি। আপনাদের অনেকেই বছরের পর বছর নির্যাতিত হয়েছেন, কিন্তু দমে যাননি।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমার অনুরোধ—অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধপরায়ণ হবেন না, নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা চাই না, আর কারও যেন রামশীল গিয়ে আশ্রয় নিতে হয়।”

বিএনপির অতীত ভূমিকার প্রসঙ্গ টেনে ইঞ্জিনিয়ার সোবহান বলেন, “প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা হোক বা বিরোধী দল হিসেবে, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপি দেশ ও জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। এজন্যই প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও স্বাধীনতার ঘোষকের দল বিএনপি আজও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান।”

তিনি আরও যোগ করেন, “যাদের নেতৃত্ব, আত্মত্যাগ, শ্রম-ঘাম ও মেধায় বিএনপি আজ জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে তাদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ