ব্যুরো চিফ, বরিশাল
বাড়ির আঙিনায় গাছে ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করেছে শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরীর (৪২) মরদেহ। খবরটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে। মৃত মোনায়েম হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে রহমতপুর ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল আলম জানান, স্বজন ও এলাকাবাসীর বরাতে জানা গেছে— শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরী বেশ কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।








