ব্যুরো চীফ, বরিশাল
একাকী ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দুই সহযোগীর সহায়তায় ১৯ বছর বয়সী এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেছে উপজেলা যুবলীগের সভাপতির ছেলে আব্দুল্লাহ সরদার। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর ইসলাম জানান, আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি ও তার অপর সহযোগীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এজাহারে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে (১৯) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২০)।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল্লাহ ও তার দুই সহযোগী ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। একপর্যায়ে বখাটে আব্দুল্লাহ সরদার জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি একই এলাকার শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধাকে (২০) নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। ওইদিন বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।








