,

চাকরি স্থায়ী করার দাবি: ববি’র অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি

ব্যুরো চীফ, বরিশাল

চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। একইসাথে সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের (গ্রেড ১১-২০) অস্থায়ী কর্মচারীরা জানিয়েছেন, ৫৮ জন অস্থায়ী কর্মচারী ৫ থেকে ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে খুব কম বেতনে কর্মরত রয়েছেন। আর কর্মস্থলে যোগদানের পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী এসব কর্মচারীদের স্থায়ী করার কথা বলা হয়েছে।

সর্বশেষ ২০২২ সালে অস্থায়ী কর্মচারীদের পদের অনুকূলে স্থায়ী করার জন্য উদ্যোগ গ্রহণ করা হলেও অজানা কারণে তা আর আলোর মুখ দেখেনি।

কর্মবিরতিতে থাকা কর্মচারীরা আরও জানিয়েছেন, চলতি বছরের ২০ অক্টোবর অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার একটি উদ্যোগের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ইউজিসি থেকে অনাপত্তি পত্র না দেয়ার অজুহাতে সেটিও কার্যকর হয়নি।

অথচ ইউজিসি চার বছর আগে এসব পদে নিয়োগের অনুমতি দিয়েছিল। এ অবস্থায় কম উপার্জন নিয়ে মানবেতর জীবন যাপন করা ৫৮ জন অস্থায়ী কর্মচারী দিশেহারা হয়ে পড়েছেন। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন।

আন্দোলনকারী কর্মচারী রাসেল আহমেদ ও ইজাজ হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ