ব্যুরো চীফ, বরিশাল
চুরির অপবাদ দেওয়ার অভিযোগ তুলে হামলা চালিয়ে এক স্যানিটারি মিস্ত্রিকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান হাওলাদারের ছেলে স্যানিটারি মিস্ত্রি আমির হোসেন (৪০) অভিযোগ করে বলেন, একই গ্রামের মিরন হাওলাদার সম্প্রতি কুমিল্লায় বসবাসকালে একটি চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে এলাকায় ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, “বৃহস্পতিবার রাত দশটার দিকে মিরন হাওলাদার, তার স্ত্রী লিপি বেগমসহ সহযোগীরা বাড়িতে এসে অভিযোগ করে যে, আমি নাকি তার চুরির ঘটনা এলাকায় ছড়িয়েছি। আমি প্রতিবাদ করে প্রমাণ চাইলে তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
আমির হোসেন আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে মিরন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।








