মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চুরির মামলায় আওয়ামী লীগ নেতা রেজাউল গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল:

রাজধানী ঢাকার একটি অফিস থেকে কম্পিউটার, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির মামলার পলাতক আসামি বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের পদবিহীন নেতা সফিকুর রহমান রেজাউল সিকদার ও তার গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ঢাকার একটি মামলায় রেজাউল সিকদার ও তার গাড়িচালক জুয়েল হাওলাদারকে ২৭ আগস্ট গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

তিনি আরও জানান, গৌরনদী মডেল থানার সহায়তায় ঢাকা পল্লবী থানা পুলিশ উপজেলার খ্রিস্টানপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত রেজাউল সিকদার গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকী বন্দরের সুন্দরদী মহল্লার মৃত হাবিবুর রহমান সিকদারের ছেলে।

রেজাউল অতীতে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন।

ঢাকার পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জয় দাস জানান, আসামিরা মিরপুর এলাকার ডিএসএস লিং অফিসে কেয়ারটেকারকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং অফিস থেকে কম্পিউটার, ল্যাপটপ ও ব্রিফকেসে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোম্পানির ম্যানেজার নাছিমা বেগম বাদী হয়ে রেজাউল সিকদার ও তার গাড়িচালক জুয়েল হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, রেজাউলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তার তৃতীয় স্ত্রীকে ঢাকার হাজারীবাগে হত্যা করে লাশ গুমের সময় শাহবাগ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া, নিজ জন্মদাতা বাবাকে টরকী বন্দরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা, ব্যবসায়ী কালাচাঁন মণ্ডলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে রহস্যজনক কারণে প্রতিবারই তিনি আইনের ফাঁকফোকর ব্যবহার করে রেহাই পেয়ে যান।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কৌশলে দলবদল করে নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)-তে যোগ দেন এবং কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত রাজনৈতিক সম্পাদক পদে নামমাত্র দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ