বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চোরাই গরু-ছাগল ভর্তি ট্রাক ফেলে পালাল চোরচক্র

ব্যুরো চীফ, বরিশাল

রাস্তার পাশে খাঁদে পড়ে আটকে যায় চোরাই গরু ও ছাগল বোঝাই একটি মিনি ট্রাক। উপায়ান্তর না দেখে অবশেষে ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালকসহ চোরচক্রের সদস্যরা।

খবর পেয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ তিনটি চোরাই গরু ও একটি ছাগলসহ ট্রাকটি জব্দ করে।

ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার খলিফা মার্কেটের সামনে।

বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের মালিককে শনাক্ত করে পুরো চোরচক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। এতে করে এলাকার গরুর খামারি ও মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্রমতে, শনিবার ভোরে বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি গরু ও একটি ছাগল চুরি করে মিনি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল চোরচক্র। পথে রাস্তার ভাঙা অংশে ট্রাকটি খলিফা মার্কেটের সামনে খাঁদে পড়ে আটকে যায়।

এসময় উপায়ান্তর না দেখে ট্রাকভর্তি গরু-ছাগল রেখে পালিয়ে যায় চোরচক্র।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, আগে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতে এলাকায় টহল দিতেন। সে কারণে ইউনিয়নে চুরি-ডাকাতির ঘটনা ঘটত না। বর্তমানে সেই টহল না থাকায় প্রায় প্রতিরাতে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে। বিষয়টি আগামী উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ