ব্যুরো চিফ, বরিশাল
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন—আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়।
জহির উদ্দিন স্বপন আরও বলেছেন—আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেননি, যারা গুম, খুন, চাঁদাবাজির সঙ্গে জড়িত নন, তারা যদি ধানের শীষকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন, তবে তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেছেন—জনগণ বিএনপির প্রতি যে আস্থা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা একসঙ্গে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারব।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পৌর বিএনপি ও তাদের সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু, বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ছেলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমুখ।








