ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, জনগণের প্রতি যাদের আস্থা নেই, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার নেই। ফলে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এক যুগের বেশি সময় ধরে ভোটার হওয়া সত্ত্বেও নাগরিকদের বড় একটি অংশ ভোট দেওয়ার সুযোগ পায়নি ফ্যাসিবাদী শাসনের কারণে।
“সারাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নিজ হাতে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিবাদবিরোধী শক্তির পরিচয়ে পরিচিত কিছু রাজনৈতিক দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, যা ফ্যাসিবাদকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিচ্ছে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ আরও বলেন, “যেসব রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনেই এমন ভূমিকা নিচ্ছে। তাদের উচিত জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা। ব্যক্তি বা দলের স্বার্থের চেয়েও দেশ বড়, নিজেদের বিজয়ের চেয়েও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।”
তিনি আরও বলেন, যারা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে না, তাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার মৃধা, সদর উপজেলা তাঁতী দলের সভাপতি এমএ কাশেম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এমএ কাশেম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম শিকদার, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন সিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতী, ছাত্রদল নেতা আশিক মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রেজা শরীফ, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম শাকিল প্রমুখ।








