ব্যুরো চীফ, বরিশাল:
জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলের কঠিন দুর্দিনেও বিএনপির সব কর্মসূচি পালন থেকে কখনও সরে দাঁড়াইনি। পতিত সরকারের সময়ে বহুবার হামলার শিকার হয়েছি, একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছি। তারপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্দোলন-সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছি।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকে বিদেশ থেকে ফিরে এসে নিজেদের বড় বিএনপি নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। এদের মধ্যে অনেকেই অতীতে বিএনপির মনোনয়ন না পেয়ে অন্য দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এখন তারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এসব বিষয়ে দলের হাইকমান্ড অবগত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, অতীতেও দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, এবারও চাইবো। বিএনপির দুর্দিনে মনোনয়ন প্রত্যাশীদের অবস্থান বিশ্লেষণ করে মনোনয়ন দেওয়া হলে আমি শতভাগ নিশ্চিত, এবার দল আমাকে বঞ্চিত করবে না।
পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বরিশাল-২ আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের উন্নয়ন করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের ধারা অব্যাহত রেখে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার কাঙ্ক্ষিত সংস্কার করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপুর কাছে রাজনীতির সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন করেন।








