ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি গ্রামে অন্যের জমি দখল করে হাল চাষ ও ধানের বীজ রোপণের অভিযোগ উঠেছে স্থানীয় সালাম হাওলাদার, খবির হাওলাদার ও কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূমি বিরোধের জের ধরে অন্যের জমি দখল করে ভোগদখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ওই জমিতে জোরপূর্বক হাল চাষ ও ধানের বীজ রোপণ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার বিকেলে জমির প্রকৃত মালিক মোস্তাক আহমেদ ও আবুল বাশার তালুকদার অভিযোগ করে বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা ভোগদখলে রয়েছি। প্রতিবেশী সালাম হাওলাদারসহ কয়েকজন মিলে আমাদের ওই জমি দখলের চেষ্টা করছে। ২০২২ সালে আমরা এ বিষয়ে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করি। তবুও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। এখন তারা জোর করে জমিতে হাল চাষ ও ধানের বীজ রোপণ করেছে।”
তারা এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সালাম হাওলাদার বলেন, “ওই জমি আমাদের মালিকানাধীন। তাই আমরা নিজেদের জমিতে হাল চাষ করেছি।”
বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “জমি দখল করে হাল চাষের ঘটনায় আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”








