,

জলবায়ু পরিবর্তন মোকাবেলার সহজ সমাধান বৃক্ষরোপণ : আলী সুজা

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেছেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ। জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ ও জীববৈচিত্র্যের সংকট আমাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণই সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর সমাধান।”

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উজিরপুর উপজেলার হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং দশ প্রজাতির মৌসুমি সবজি বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন নিঃসরণ করে। এতে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কমে যায়, ফলে বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস পায়। গাছ ঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। বৃক্ষ মাটিকে দৃঢ় করে ও ক্ষয়রোধ করে কৃষি উৎপাদন বাড়ায়। পাখি, প্রাণী ও ক্ষুদ্র জীবেরা গাছের ওপর নির্ভরশীল—তাদের আশ্রয়স্থল তৈরি হয়। গাছপালা শুধু পরিবেশকেই নয়, মানুষের মানসিক প্রশান্তি ও সুস্থতাও বজায় রাখে।”

উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন আমাদের প্রাকৃতিক ঢাল। তিনি বলেন, “আজ আমরা যদি গাছ লাগাই, আগামী প্রজন্ম একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পৃথিবী পাবে। তাই প্রত্যেককে দায়িত্বশীল হয়ে বৃক্ষরোপণ করতে হবে এবং প্রতিবেশীকেও উৎসাহিত করতে হবে।”

অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)। সুরক্ষা প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ চারা ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএসএসের নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, চ্যানেল আই বরিশাল জেলা প্রতিনিধি সাঈদ পান্থ, প্রধান শিক্ষক সুকেন চন্দ্র হালদার, প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সাধারণ সম্পাদক এ্যালবার্ট রিপন বল্লভ, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি, উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ