,

জাটকা বিরোধী অভিযানে জেলেদের হামলা: কোস্টগার্ড সদস্য আহত, পুলিশের ফাঁকা গুলি

জাটকা

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝামাঝি গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে গিয়ে সংঘবদ্ধ জেলেদের হামলায় আহত হয়েছেন কোস্টগার্ডের এক সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও একটি অবৈধ পাইজাল জব্দ করা হয়।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

তিনি জানান, রাত ৯টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় কোস্টগার্ড স্টেশন (হিজলা)-এর কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, সদস্য মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং নৌ-পুলিশের সদস্যরা একটি যৌথ অভিযান শুরু করেন।

অভিযান চলাকালে হঠাৎ ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ জেলেদের দল ৭-৮টি কাঠের ট্রলার নিয়ে এসে অভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে হামলা চালায়।

হামলায় কোস্টগার্ড সদস্য এম মনজুরুল আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে জেলেরা পিছু হটে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি অবৈধ জাল (পাইজাল) ও একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করে অভিযানিক দল।

হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ