সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজনের প্রবর্তক: ইঞ্জিনিয়ার সোবহান

ব্যুরো চীফ, বরিশাল:

বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সংবিধান সংশোধন করে এই সংযোজন করেন। এর মাধ্যমে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ঘোষণা সংবিধানে প্রতিফলিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী বায়তুল নূর জামে মসজিদে মুসুল্লি ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বাংলাদেশের সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অপরিসীম। তিনি শুধু মুক্তিযোদ্ধা নন; জাতির রাজনৈতিক ও ধর্মীয় চেতনায়ও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আমি যতদিন বেঁচে আছি, ততদিন বরিশাল-১ আসনের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকতে চাই।”

মতবিনিময় সভা শেষে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মসজিদের উন্নয়নকাজের জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেন। পরে তার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন হাওলাদার, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হিরা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ