বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্যুরের নামে ইয়াবা পাচার : অতঃপর নিহত

ব্যুরো চীফ, বরিশাল

কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বরিশালে ফেরার পথে ইয়াবা বহনকারী একটি মাদক পাচারকারী চক্রের সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালককে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

ঘটনার পর মোটরসাইকেলের চেসিসের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ছগির হোসেন।

নিহত পাচারকারী কেএম মশিউর রহমান অরিন বাবু (২৫) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। আটক ফারদিন মিয়া (২৩) বরিশাল নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাংলা বিভাগের অনার্স শিক্ষার্থী।

ডিবি পুলিশ জানায়, বাবু ও ফারদিন এক সপ্তাহ আগে কক্সবাজারে ঘুরতে যান। ফেরার পথে তারা মোটরসাইকেলে বিপুল পরিমাণ ইয়াবা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বিষয়টি জানতে পারে এবং বুধবার (৩ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন এলাকায় অভিযান পরিচালনা করে।

কিন্তু তারা নির্ধারিত সময়ে বরিশালে না পৌঁছালে পুলিশ খবর নিয়ে জানতে পারে, মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে বাবুর মরদেহ অ্যাম্বুলেন্সে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল একটি পিকআপে করে বরিশালের উদ্দেশে আনা হচ্ছিল।

বুধবার দিবাগত রাতে বরিশালের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মসজিদের সামনে পিকআপটির পথরোধ করে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মোটরসাইকেলের চেসিসের ভেতর থেকে কৌশলে লুকানো ৩ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ফারদিনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ