ব্যুরো চীফ, বরিশাল
ঠিকাদারের অবহেলা ও উদাসীনতায় নির্মাণাধীন কলেজ মাঠ থেকে মাটি কেটে ভবনের মেঝেতে মাটি ভরাটের কারণে সৃষ্ট ডোবার পানিতে ডুবে আরহাম হাওলাদার (৫) নামের এক শিশু মারা গেছে।
শিশু আরহাম তার নানা বাড়িতে বেড়াতে এসে খেলার ছলে ওই ডোবার পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার হোমিওপ্যাথিক কলেজের সামনে।
মৃত আরহাম পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা সদরের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন বাড়ির বাসিন্দা সজীব হাওলাদারের ছেলে।
উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা সৌরভ ডাক্তার জানিয়েছেন, শুক্রবার তার নাতি তাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে পরিবারের সবার অজান্তে খেলার ছলে গৌরনদী হোমিওপ্যাথিক কলেজের পাশের ওই ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়।
তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা ডোবার পানি থেকে আরহামকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সৌরভ ডাক্তার অভিযোগ করে বলেন, ভবন নির্মাণের ঠিকাদার ওই কলেজের মাঠ থেকে ভেকু দিয়ে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে ফেলেছে। ঠিকাদারের অবহেলা ও উদাসীনতার কারণে মাঠে ছোট ডোবার সৃষ্টি হয়েছে। সেই ডোবায় বৃষ্টির পানি জমে রয়েছে। ওই ডোবার পানিতে ডুবে আরহামের মৃত্যু হয়েছে। অভিযোগের ব্যাপারে ঠিকাদার ও তার লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।








