ব্যুরো চীফ, বরিশাল:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় শওকত বালী ওরফে শাওন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আসামিকে রক্ষা করতে পুলিশ কটূক্তির মামলা না নিয়ে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। তাদের দাবি, শওকত বালী শাওন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের অনুসারী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট উজিরপুর উপজেলার সাতলা বাজারের একটি চায়ের দোকানে বসে শওকত বালী শাওন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘বিশ্ব সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মন্তব্য করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উজিরপুর মডেল থানার এসআই সাইফুল ইসলাম সেদিন গভীর রাতে অভিযান চালিয়ে শওকত বালী শাওনকে গ্রেপ্তার করেন। তিনি সাতলা গ্রামের মৃত নূর হোসেন বালীর ছেলে।
ওসি আব্দুস সালাম বলেন, “কটূক্তির ঘটনায় কেউ মামলা না করায় বিএনপির অফিসে অগ্নিসংযোগের মামলায় শওকত বালী শাওনকে আদালতে পাঠানো হয়েছে। তবে কটূক্তির ঘটনায় মামলা হলে আদালতে সেই মামলার শোন অ্যারেস্টের কাগজ পাঠানো হবে।”








