বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী : ইঞ্জিনিয়ার আবদুস সোবহান

ব্যুরো চীফ, বরিশাল:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, “তারেক রহমান এমন একজন আদর্শিক নেতা, যার চিন্তা-চেতনা, মন ও মননে শুধুই বাংলাদেশ। তার নেতৃত্বে আগামীদিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গ।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বরিশাল বিভাগের হিন্দু অধ্যুষিত এলাকা আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আক গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক কীর্তন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, “মূলধারার বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে—এই দেশে বসবাসরত হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে এবং স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে।”

নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রায় ৭৪ হাজার ভোট পাওয়া ইঞ্জিনিয়ার সোবহান বলেন, ছোটবেলা থেকে তিনি হিন্দু-মুসলিম একসঙ্গে বেড়ে উঠেছেন। ধর্মের নামে কাউকে ছোট করতে শেখেননি। অতীতে এখানকার অসংখ্য হিন্দু পরিবার নির্যাতন ও অত্যাচারের শিকার হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য রামশীলে যেতে বাধ্য হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “আমি বেঁচে থাকতে আর কোনোদিন রামশীলের মতো ঘটনা ঘটতে দেব না।”

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতীতে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি নিজস্ব অর্থায়নে যেভাবে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আপনাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমার নেতা তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা দিলীপ কুমার ঘটক, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, হিন্দু সম্প্রদায়ের নেতা মাস্টার মনমথ বাড়ৈসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বক্তব্যের একপর্যায়ে উপস্থিত কয়েক হাজার নারী-পুরুষ আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদানের অঙ্গীকার করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ