ব্যুরো চীফ, বরিশাল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফ মাহমুদ জুয়েল বলেছেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫৬ হাজার বর্গমাইলকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন। তার একজন কর্মী হিসেবে আমি মনে করি, সকল বিভাজনকে জয় করে আমরা ধানের শীষের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হবো।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বরিশালের বানারীপাড়া উপজেলায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফ মাহমুদ জুয়েল আরও বলেন, ২০২৪ সালের নির্বাচন ছিল একদলীয় ডামি নির্বাচন। তার আগে ২০১৮ সালের নির্বাচন ছিল নৈশ ভোটের নির্বাচন।
তিনি আরও বলেন—বিএনপির নীতিনির্ধারক পর্যায় থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবো। বিএনপির মনোনীত প্রার্থী যেই হোন না কেন, তিনি বরিশাল-২ আসনে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। পরে বানারীপাড়ার বিশারকান্দী এলাকায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বক্তব্য রাখেন।
এর আগে ঢাকা থেকে নিজ সংসদীয় আসনে ফেরার পথে বরিশালের গৌরনদী এলাকায় জুয়েলকে শতাধিক মোটরসাইকেল ও শতাধিক গাড়িবহর নিয়ে বরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাকে পথে পথে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সিনিয়র নেতাসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।








