ব্যুরো চীফ, বরিশাল
শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন ওএসএল ফার্মা লিমিটেডের ছাঁটাইকৃত শ্রমিকরা।
বরিশাল নগরীর বগুড়া রোডস্থ কোম্পানির প্রধান ফটকের সামনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনভর শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা থালা হাতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ওএসএল ফার্মা লিমিটেডে পরিশ্রম করে আসছেন।
প্রথমে দৈনিক বেসিক রুলে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়।

এতে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিকবিরোধী।
তাদের দাবি, আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এটা স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্র।
অবস্থান কর্মসূচিতে শ্রমিক পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।








